কারুবাক ডেস্ক :
ইউটিউবার হিসেবে যাত্রাটা শুরু বেশ আগে। ‘ম্যাঙ্গো স্কোয়াড’র লিডার হিসেবে শুরুতেই পেয়ে যান জনপ্রিয়তা। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন শামীম হাসান সরকার। এখানেও ধরা দেয় সফলতা। ব্যস্ততা বাড়তে থাকে তার। গত দুই বছরে নাটক নিয়ে তুমুল ব্যস্ত থেকেছেন এ অভিনেতা। তার অভিনীত নাটকগুলো ছিল ট্রেন্ডিংয়েও। জনপ্রিয়তা ও চাহিদা তুঙ্গে থাকার পরও ভার্সেটাইল এ অভিনেতা এবার নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন বছরটা নতুন করে শুরু করতে চান তিনি। শুধুমাত্র ভালো গল্প ও চরিত্রের নাটকেই কাজ করবেন শামীম।
এ নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছেন তিনি। তাতে লিখেন, ২০২৪ সালে আমি কোনো জামাই, বউ, বেয়াই, বেয়াইন, প্রবাসী, নিবাসী, ভাসুর, শ্বশুর, পশুর ইত্যাদি নামক গল্পের নাটক থেকে বিদায় নিচ্ছি। অনেক হয়েছে! জীবনে ভুল বারবার করা যায় না। নতুন বছর নতুনভাবে শুরু করতে চাই। হয় ভালো গল্প এবং এক্সিকিউশন, না হলে শুটিং না করলাম। পকেটে টাকা হোক অল্প! প্রয়োজন মনে হলে চাকরি বদলাবো কিন্তু মনের সুখ তো থাকবে! ইনশাআল্লাহ্ আমি সব সময় পেরেছি। এবারো পারবো। আমি আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন, যারা প্রথম থেকে ছিলেন।
কারুবাক 














